দীঘিনালায় বন্যাদুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি ত্রাণ কার্যক্রম দীঘিনালা ব্রেকিং নিউজ

 

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২ আগস্ট রোববার বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, গত জুলাই মাসের ভয়াবহ বন্যায় উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও আস্থার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই এলাকার মানুষের যেকোনো প্রয়োজন ও সংকটে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমস্যার কথা নির্দ্বিধায় জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও রিঙ্কু চাকমা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা, উপজেলা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *