হাটহাজারী প্রতিনিধি: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আর্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। দল, ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সবার উন্নয়নে সরকার কাজ করছে।
শনিবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী আয়োজিত সংগঠিত সদস্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে পাঁচ মাসে এলাকায় চার শতাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে অধিকাংশ প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে অথবা শেষ পর্যায়ে রয়েছে। তার দাবি, বিগত বহু বছরের তুলনায় বর্তমানে হাটহাজারীতে উন্নয়ন কর্মকাণ্ডের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও বলেন, একসময় হাটহাজারীর সড়ক ও অবকাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। বর্তমানে সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রত্যাশী সংস্থার সদস্য এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
