প্রতিনিধি : পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বাস্তবতায় জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ১৪ জুলাই মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য কর্মকর্তাদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রেরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সঠিক তথ্য মানুষের মৌলিক প্রয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই জনগণের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া যেমন জরুরি, তেমনি ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধ করাও তথ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, মোবাইল সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অতীতে জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রম মূলত প্রচারযান ও প্রজেক্টরভিত্তিক ছিল। তবে বর্তমান সময়ে সেই কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য আধুনিক ডিজিটাল যোগাযোগব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রম সময়মতো জনগণের সামনে উপস্থাপন করা না গেলে বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অধিদপ্তরকে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্যোগসংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে একটি অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সংশ্লিষ্টরা সহজেই সর্বশেষ তথ্য জানতে পারেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্যোগসংক্রান্ত তথ্য আরও বিশ্লেষণভিত্তিক ও প্রমাণসমৃদ্ধ হওয়া প্রয়োজন। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি, স্থানীয় পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান জানান।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার তথ্য কর্মকর্তারা অংশ নেন।
