গুইমারায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

🏛️ রাজনীতি খাগড়াছড়ি গুইমারা

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন সম্প্রদায় ও পেশার মানুষের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জালিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম এবং সাবেক সভাপতি মো. ইউসুপ।

সমাবেশে উপজেলা মারমা ঐক্য পরিষদ, মারমা কল্যাণ পরিষদ, ত্রিপুরা কল্যাণ পরিষদ, হেডম্যান ফেডারেশন ও কারবারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি, ইমাম, ভান্তে, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তবে একটি স্বার্থান্বেষী মহল বিভেদ ও সংঘাত সৃষ্টির মাধ্যমে এ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের বিভেদ ভুলে সবাইকে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা গুইমারাসহ পুরো পার্বত্য অঞ্চলে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *