খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইউসিবি ব্যাংক

খাগড়াছড়ি অর্থনীতি

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। ১৮ জুলাই শনিবার

খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে তিনি বলেন, বন্যাকবলিত মানুষের পাশে সরকার শুরু থেকেই কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব পরিবার এনজিওর ঋণের আওতায় রয়েছে, তাদের চলতি মাসের কিস্তি পরিশোধে সাময়িক ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউসিবি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ব্যাংকের অন্যতম অঙ্গীকার। খাগড়াছড়ির পাশাপাশি বাঘাইছড়ি এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের কাছেও সহায়তা পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ জুনায়েদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *