খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

খাগড়াছড়ি 🏛️ রাজনীতি

ছোটন বিশ্বাস :

শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দিয়েছে সনাতন ছাত্র যুব পরিষদ। ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে সংগঠনটির আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া উচিত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।

বস্ত্র বিতরণ কার্যক্রম শেষে ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার, সনাতন ছাত্র যুব পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির চর্চা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *