ইমরান হোসেন জুমান: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা।
১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সেগুন কাঠ পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।
অভিযানে মোট ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠের সিজার মূল্য ৮ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি। কাঠের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আভিযানিক টহলও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার করা হবে।
