আন্তঃট্রেড ফুটবল ফাইনালে ফার্ম মেশিনারিকে হারিয়ে চ্যাম্পিয়ন সিভিল ট্রেড

⚽ খেলাধুলা খাগড়াছড়ি 🎓 শিক্ষা

প্রতিনিধি: উচ্ছ্বাস ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আন্তঃট্রেড মেগা ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফার্ম মেশিনারি ট্রেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিভিল ট্রেড।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচটি জমে ওঠে। গোলের জন্য উভয় দল একাধিকবার আক্রমণ চালালেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

একপর্যায়ে সিভিল ট্রেড টাইব্রেকারের সুযোগ পেলেও ফার্ম মেশিনারি ট্রেডের গোলরক্ষক দক্ষতার সঙ্গে সেটি প্রতিহত করেন। এরপরও দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে।

ম্যাচের শেষদিকে সিভিল ট্রেড প্রথম গোল করে এগিয়ে যায়। পরে তারা আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। খেলার শেষ মুহূর্তে সিভিল ট্রেড দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে।

ফার্ম মেশিনারি ট্রেডের খেলোয়াড়রা গোল পরিশোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। দলীয় সমন্বয় ও আক্রমণভাগের কার্যকর পারফরম্যান্সের কারণে জয় তুলে নেয় সিভিল ট্রেড।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, বক্তৃতা ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষামূলক আয়োজন নিয়মিত করা হচ্ছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

আয়োজকদের মতে, আন্তঃট্রেড ফুটবল প্রতিযোগিতার এ ফাইনাল শিক্ষার্থীদের জন্য আনন্দ ও উৎসাহের পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *