মহালছড়িতে বিনা ধান-২৫ সম্প্রসারণে মাঠ দিবস


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন /
মহালছড়িতে বিনা ধান-২৫ সম্প্রসারণে মাঠ দিবস

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়িতে প্রিমিয়াম মানের বোরো ধানের জাত “বিনা ধান-২৫” এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়ির আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
২৩ এপ্রিল বৃহস্পতিবার আয়োজিত এ মাঠ দিবসে বিনা উদ্ভাবিত উন্নত জাত “বিনা ধান-২৫” এর সঙ্গে ব্রিধান-৭৫ এর প্রায়োগিক পরীক্ষণ, মূল্যায়ন ও তুলনামূলক ফলাফল উপস্থাপন করা হয়। এতে স্থানীয় কৃষকদের সামনে উভয় জাতের ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস, অতিরিক্ত উপ-পরিচালক, খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উদ্যানতত্ত্ববিদ মো. জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত।
এ সময় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। মাঠ দিবসে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি এবং রোগবালাই দমনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বক্তারা জানান, “বিনা ধান-২৫” একটি উচ্চ ফলনশীল ও প্রতিকূল পরিবেশ সহনশীল বোরো ধানের জাত। ব্রিধান-৭৫ এর সঙ্গে তুলনামূলক পরীক্ষণের মাধ্যমে কৃষকদের জন্য উপযোগী জাত নির্বাচন সহজ হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে “বিনা ধান-২৫” চাষে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।