বাবুলের মৃত্যুর ঘটনায় মানিকছড়িতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন /
বাবুলের মৃত্যুর ঘটনায় মানিকছড়িতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মানিকছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির মানিকছড়িতে নিহত বাবুল হোসেনের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
২২ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের আমতলী এলাকায় স্থানীয় যুবসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়োজক মাসুদ উজ জামান, শাহজালাল পারভেজ, জাহিদ রুবেল ও আবদুল মান্নানসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, জব্দ করা একটি ত্রুটিপূর্ণ পেলোডার সরাতে অদক্ষ এক চালককে বাধ্য করার ফলেই দুর্ঘটনা ঘটে এবং এতে বাবুল হোসেনের মৃত্যু হয়। তারা এ ঘটনার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেন।
বক্তারা আরও বলেন, নিহত বাবুল হোসেনের ভারী যান চালানোর লাইসেন্স না থাকা সত্ত্বেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে তার পরিবার—বিশেষ করে স্ত্রী ও তিন সন্তান—চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ অবস্থায় পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল উপজেলার থলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে পরিচালিত এক অভিযানে একটি পেলোডার জব্দ করা হয়। পরবর্তীতে সেটি সরানোর সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক বাবুল হোসেন (৪৫)। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল তার মৃত্যু হয়।