আরিফুল ইসলাম মহিন: গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় পানছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ির আয়োজনে পরিচালিত এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ জন নারী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ কার্যক্রমে আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব উপস্থিত থেকে সার্বিক বিষয় তদারকি করেন। পাশাপাশি পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের যত্ন, নিরাপদ প্রসবের প্রস্তুতি, প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি শেখানো হবে।
এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুজ্জামান, নিসাচিং মারমা ও কর্পোরাল নুরুল ইসলাম (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট)সহ ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং গর্ভবতী মা ও শিশুদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তাদের মতে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবার ও নিজ নিজ এলাকায় স্বাস্থ্যসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
