জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজন, ইয়াবাসহ তিনজন এবং মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট আটজনকে আটক করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার পরিচালিত এসব অভিযানে আটক মো. জাহাঙ্গীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবন ও মাদকসংক্রান্ত অভিযোগে তাদের আটক করা হয়। মাদক সেবনের অভিযোগে আটক চারজন হলেন ইমরান হোসেন (মুন্না), আশিকুর রহমান (সেতু), শাহিন আলম (নুর আলম) ও সাহিন ইসলাম ভূঁইয়া।
এ ছাড়া মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জাহিদুল ইসলামকে আটক করা হয়। একই অভিযানে মো. জাহাঙ্গীর হোসেন, মো. ছাব্বির হোসেন ও সৌরভ হোসেনকেও আটক করা হয়। পুলিশের দাবি, ছাব্বির হোসেনের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে ইয়াবাসহ আটক মো. জাহাঙ্গীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সাহেদ উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও মাদকসংক্রান্ত বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
