ফটিকছড়ির সীমান্তে ৪৩ বিজিবির নতুন বিওপি রহমতপুর

খাগড়াছড়ি

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার এ বিওপি উদ্বোধনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও নজরদারি আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন বিওপির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, বিজিএম, পিএসসি, বিজিবির অতিরিক্ত মহাপরিচালকসহ গুইমারা সেক্টর ও রামগড় ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার অংশ হিসেবে রহমতপুরে নতুন বিওপিটি স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত অভিযান পরিচালনার সুযোগ তৈরি হবে।

নতুন বিওপি চালুর ফলে সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অস্ত্রের পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির স্থায়ী উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রতিরোধে বাড়তি সুবিধা মিলবে।

রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নতুন এই বিওপি স্থাপনের মাধ্যমে বিজিবির অবস্থান আরও শক্তিশালী হয়েছে। কর্মকর্তাদের মতে, এর ফলে দুর্গম এলাকাগুলোতে নিয়মিত নজরদারি এবং টহল কার্যক্রম পরিচালনা সহজ হবে।

বিজিবি সূত্র আরও জানায়, ১৭৯৫ সালে ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলে সীমান্তরক্ষার কার্যক্রমের সূচনা হয়। বিভিন্ন সময় সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রামগড় ব্যাটালিয়ন গড়ে ওঠে। বর্তমানে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও এ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, রহমতপুর বিওপি চালুর ফলে ফটিকছড়ির সীমান্ত এলাকায় বিজিবির টহল, নজরদারি ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *