খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

খাগড়াছড়ি 🏛️ রাজনীতি

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৪ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার সঙ্গে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আব্দুল মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনীর বিধান অনুযায়ী পরিষদের দায়িত্ব পালন করবে।

একই আদেশে ২০২৫ সালের ৮ জুলাই অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগসহ পূর্বে গঠিত পরিষদের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন আদেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়েছে।

নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *