গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

অপরাধ খাগড়াছড়ি গুইমারা

প্রতিনিধি: মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তা এলাকায় র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেল ৪টায় ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যে গুইমারা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপংকর মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী। অনুষ্ঠানে বক্তব্য দেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন ও হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহসভাপতি ও গুইমারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আল মামুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন, সদস্যসচিব শফিকুল ইসলাম, উপজেলা সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি জালিয়াপাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

তারা আরও বলেন, এলাকায় মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের বিষয়ে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানো প্রয়োজন। মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *