মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

খাগড়াছড়ি পরিবেশ মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে চারা তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৫০০টি এবং বাইল্যাছড়ি মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজারটি চারা বিতরণ করা হয়েছে।

স্থানীয়রা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার আগ্রহ বাড়াবে। পাশাপাশি মাটিরাঙ্গার সবুজায়ন কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এ কর্মসূচি সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *