জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্যান্সারে আক্রান্ত অসহায় জুলেখা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তাকিয়াটিলা এলাকায় তার পরিবারের হাতে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এ সহায়তা তুলে দেওয়া হয়।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল জুলেখা বেগমের পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সাবেক পৌর বিএনপি নেতা মো. নিজাম উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান মাঝি, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলেখা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজনের বিষয়টি জানতে পেরে পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বিষয়টি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার কাছে জানান। পরে চিকিৎসা ব্যয়ে সহায়তার জন্য সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
সহায়তা পাওয়ার পর জুলেখা বেগম ও তার পরিবারের সদস্যরা সংসদ সদস্য এবং মো. শাহ জালাল কাজলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে জুলেখা বেগমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।
মো. শাহ জালাল কাজল বলেন, জুলেখা বেগমের চিকিৎসার বিষয়টি জানার পর সংসদ সদস্যের কাছে সহযোগিতার অনুরোধ করা হয়। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসার জন্য সহায়তার ব্যবস্থা করেছেন। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়রা জানান, ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহন করা দরিদ্র পরিবারের জন্য অনেক কঠিন। এমন পরিস্থিতিতে জুলেখা বেগমের চিকিৎসায় সহায়তা দেওয়ায় তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
