ইমরান হোসেন জুমান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে আশিকা এনজিও।
১৪ আগস্ট শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইডসহ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক ও কৌশলগত সহায়তায় পৌরসভার ২৫০ পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন আশিকার উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ৪০ কেজি চাল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১ কেজি নাপ্পি/লট্টা শুঁটকি, ১টি ২০ লিটার বালতি, ২টি লাইফবয় সাবান, ১টি প্লাস্টিক মগ, ১০টি ওরস্যালাইন, ১টি গামছা, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১টি বদনা ও ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
