জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি এলাকায় পথচারী ও যাত্রীদের দুর্ভোগ কমাতে নবনির্মিত একটি যাত্রীছাউনি উদ্বোধন করা হয়েছে।
১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রীছাউনিটির উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি।
স্থানীয়দের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে যাত্রীছাউনিটি নির্মাণের উদ্যোগ নেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনি ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বাইল্যাছড়ি এলাকায় এতদিন কোনো যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। নতুন যাত্রীছাউনি নির্মাণের ফলে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বস্তি পাবেন।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করেই যাত্রীছাউনিটি নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের উপকারে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছোট ছোট অবকাঠামো নির্মাণে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে নির্মিত এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। যাত্রীছাউনিটি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের উপকারে আসবে। জনকল্যাণমূলক কাজে ব্যক্তি ও সামাজিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
