মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার বিজিবি এ তথ্য জানায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, ৫ আগস্ট বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় টহল চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে ৯টি কার্টনে রাখা মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৮৯ হাজার ১৬ পিস হলুদ এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
