জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া খালের সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উত্তোলিত মাটি আগের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ জুলাই সোমবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ধলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া। অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধলিয়া খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, স্থানীয় বাসিন্দা মো. হামিদ ব্যক্তিগত বাড়ির নির্মাণকাজে ব্যবহারের জন্য সেতুর নিচের সরকারি জায়গা থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলন করছিলেন।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে উত্তোলিত মাটি আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি শ্রমিকের মাধ্যমে মাটি পুনরায় সেতুর নিচে ভরাট করেন।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন অবৈধভাবে পাহাড়, নদী বা খাল থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
