খাগড়াছড়িতে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি : টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে খাগড়াছড়িতে “উত্তম কৃষি চর্চা” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন ফোর পয়েন্ট রেস্টুরেন্টে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ফারিয়া সুলতানা বলেন, বর্তমান সময়ে শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি খাদ্যের নিরাপত্তা ও মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, উত্তম কৃষি চর্চা অনুসরণ করলে পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদন, কীটনাশকের সঠিক ব্যবহার এবং নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রোডাক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল সিকদার, প্যাক জেন্ডার আব্দুল হামিদ এবং টেরিটরি সেলস অফিসার সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তুলতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের গুণগত মানও উন্নত হবে। এ ধরনের কর্মশালা কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মাটি ব্যবস্থাপনা, উন্নত বীজ নির্বাচন, নিরাপদ কীটনাশক ব্যবহার এবং ফসল-পরবর্তী সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, দেশের কৃষি খাতকে আরও উন্নত, নিরাপদ ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।