মো. সোহেল রানা:
দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাটারুংছড়া এলাকার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়নে ৮ বান ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা জোন।
১৮ অক্টোবর রোববার দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় জোনের আরএমও ক্যাপ্টেন আরেফ আহমেদ বিহার কর্তৃপক্ষের কাছে এসব ঢেউটিন হস্তান্তর করেন।
এ সময় বিহারের অধ্যক্ষ জয়বর্ধন ভিক্ষু ও অনুমোদর্শী শ্রমণের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ক্যাপ্টেন আরেফ আহমেদ। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং উন্নত চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর টিলা ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার আব্দুল কাদের, ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সহসভাপতি প্রদীপ চন্দ্র চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সদস্য দীপক জ্যোতি চাকমা, কার্বারি রমনী রঞ্জন চাকমা এবং শিক্ষক অনিল জ্যোতি ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিহারের অধ্যক্ষ জয়বর্ধন ভিক্ষু বলেন, এলাকার মানুষের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাঁরা বিহারে পর্যাপ্ত অর্থ সহায়তা দিতে পারেন না। সরকারি সহায়তাও পাওয়া যায়নি। ফলে বিহারটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং সীমিত সামর্থ্য নিয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, তাঁদের দুরবস্থার কথা বিবেচনা করে দীঘিনালা জোন কমান্ডার বিহারের উন্নয়নে ৮ বান ঢেউটিন দিয়েছেন। এ সহায়তার জন্য তিনি ও বিহারসংশ্লিষ্ট ব্যক্তিরা দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
