জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের অভিযানে একটি ট্রাক থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস জব্দ করা হয়েছে।
২৬ জুলাই শনিবার মাটিরাঙ্গা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে জোনের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭ হাজার ৫০০ প্যাকেট ভারতীয় জুস উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে মাটিরাঙ্গা বাজার হয়ে চট্টগ্রামের উদ্দেশে এসব পণ্য পরিবহন করা হচ্ছিল। অভিযান চালিয়ে ট্রাকসহ জুসগুলো জব্দ করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনা এবং চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অবৈধ পণ্য পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
