জসীম উদ্দিন জয়নাল : পাহাড়ে সম্প্রীতি ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুঃস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণ, শিক্ষা ও কৃষি উপকরণ, আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ জুলাই বৃহস্পতিবার পলাশপুর জোন সদর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
কর্মসূচির আওতায় সীমান্তবর্তী এলাকার একজন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন, পাঁচটি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, তিনটি পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন, আটটি পরিবারকে খাদ্যসামগ্রী, একটি পরিবারকে সেলাই মেশিন এবং একটি পরিবারকে নলকূপ ও প্রয়োজনীয় পাইপ প্রদান করা হয়। এছাড়া এক এতিম শিশুর জন্য তিন মাসের ল্যাকটোজেন দুধও উপহার দেওয়া হয়।
শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস, একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজে সিমেন্ট, একটি বিদ্যালয়ের বারান্দা নির্মাণে সহায়তা, একটি এতিমখানায় চাল এবং তিনটি হাফেজিয়া মাদ্রাসায় মৌসুমি ফল বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, কৃষক ছাউনি ও যাত্রী ছাউনির সংস্কারও করা হয়েছে।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে মোট ১ লাখ ৭৪ হাজার ১৭৯ টাকা মূল্যের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এতে আটটি পাহাড়ি পরিবার, ১২টি বাঙালি পরিবার এবং ১২টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়েছে।
একই দিনে পলাশপুর জোনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
