পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি পরিবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।  তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে মানবজীবন ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে স্পষ্টভাবে দৃশ্যমান। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং বন উজাড়কে পরিবেশের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ এবং বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, অতীতে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আয়োজকরা জানান, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে বৃক্ষমেলা। এ সময়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *