প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন ও দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আপ্রুসি চেয়ারম্যান পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিটন ত্রিপুরা ও ম্রাচিং মারমার পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও পুণ্যার্থী অংশ নেন। বুদ্ধপূজা, সংঘদান, চীবর নিবেদন ও ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। এ সময় জেলা পরিষদের সদস্য রুমেল মারমাসহ পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্মিত বিহারটি উদ্বোধনের মধ্য দিয়ে আপ্রুসি চেয়ারম্যান পাড়া ও আশপাশের এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা, বুদ্ধের শিক্ষা চর্চা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য নতুন একটি স্থান তৈরি হলো। অন্যদিকে পারিবারিক উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান উৎসবে বিভিন্ন এলাকার মানুষের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনের পরিবেশ সৃষ্টি হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যে এ দান আত্মত্যাগ, সংযম, শ্রদ্ধা ও দানশীলতার প্রতীক হিসেবে বিবেচিত। ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে মৈত্রী, করুণা ও পারস্পরিক সহমর্মিতার চর্চাকে উৎসাহিত করে।
এদিকে আপ্রুসি চেয়ারম্যান পাড়ায় কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা তাঁর সফরসঙ্গীদের নিয়ে ছোটনালা জনকল্যাণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, দানশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
