মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

খাগড়াছড়ি জাতীয় মাটিরাঙ্গা 🎓 শিক্ষা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দরিদ্র কলেজশিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা দিতে বই বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। ১১ নভেম্বর সকালে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীর হাতে একাদশ শ্রেণির ১০ সেট বই তুলে দেওয়া হয়।

গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, জি., নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীর্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুনি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে মাটিরাঙ্গা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *