খাগড়াছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ সহায়তা

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর ব্রেকিং নিউজ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৫০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার জেলার মহালছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলার বন্যাকবলিত পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

সকালে মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে খাগড়াছড়ি সদর উপজেলার গঞ্জপাড়া এলাকায় আরও ৩৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আরও সহায়তা নিয়ে দাঁড়ানোর উদ্যোগও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *