প্রতিনিধি:
জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হাত ধোয়ার প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ত্বাহসিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী এবং উপজেলা জামায়াতের আমির ডা. রফিকুল ইসলাম।
এ ছাড়া গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।
