গুইমারায় জাতীয় যুব দিবস পালিত যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

অর্থনীতি খাগড়াছড়ি গুইমারা

মো. আবদুল আলী:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, গাছের চারা প্রদান এবং পোশাক তৈরির প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী এবং উপজেলা জামায়াতের আমির ডা. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও উন্নয়নে অবদান রাখতে হবে। প্রশিক্ষণ ও ঋণ সুবিধা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি গাছের চারা প্রদান এবং পোশাক তৈরির প্রশিক্ষণে মেধাবী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *