মো. সোহেল রানা :
‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, সম্মাননা স্মারক ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বেকার যুবক-যুবতী ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরূপন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. সোহেল রানা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন এবং উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। এ সময় সফল আত্মকর্মী ও উদ্যোক্তা মিন্টু বিকাশ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকা, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও উদ্যোক্তা মিন্টু বিকাশ চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ এবং যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
এদিকে, যুবকদের কর্মমুখী দক্ষতা বাড়াতে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মেহেদী হাসান কাউছার। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরূপন চাকমা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণ কেন্দ্রে ৪০ জন শিক্ষিত বেকার যুবককে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। টেকাব দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শরিফুল কাশেম।
আয়োজকদের মতে, যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
