রামুর কচ্ছপিয়ায় দুই শতাধিক পরিবারের ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

পার্বত্য চট্টগ্রাম বান্দরবান

মোহাম্মদ ইউনুছ : কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলবীকাটা এলাকার নদীর পশ্চিম কূল গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের একমাত্র যাতায়াতের মাধ্যম একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। ১৪ জুলাই মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দুই দশক ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে এলেও এখনো সেই দাবি বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই হাজারের বেশি মানুষ এ সাঁকো ব্যবহার করে চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এলাকায় একটি সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে বছরের পর বছর ধরে গ্রামবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ ও মেরামত করে যাতায়াত চালিয়ে যাচ্ছেন।

গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওসমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। স্থায়ী একটি সেতুর অপেক্ষায় থেকেই গ্রামের মানুষ প্রায় ২০ বছর পার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, বর্ষা মৌসুমে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ সময় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।

স্থানীয় জাহাঙ্গীর আলম ও গিয়াসউদ্দিন বলেন, প্রতিবছর গ্রামবাসীর অর্থ ও শ্রমে বাঁশের সাঁকোটি সংস্কার করা হলেও এটি স্থায়ী সমাধান নয়। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানান তারা।

গ্রামবাসীর ভাষ্য, সেতু না থাকায় এলাকার কৃষিপণ্য বাজারজাত করতেও নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে অতিরিক্ত ঝুঁকি ও ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *