মহালছড়িতে জাতীয় যুব দিবস পালিত নবারুণ সংঘকে ৭৫ হাজার টাকার চেক প্রদান

অর্থনীতি খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ১ নভেম্বর রোববার অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্থানীয় যুবক-যুবতী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নমরত্ন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর অংসুইচিং মারমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহালছড়ির নবারুণ সংঘ ক্লাবকে ৭৫ হাজার টাকার একটি অনুদানের চেক প্রদান করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মনজু লাল চাকমা চেকটি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত অতিথিরা যুবসমাজকে দেশ গঠন, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *