টাইব্রেকারে চ্যাম্পিয়ন দীঘিনালা পুরস্কার দিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি ⚽ খেলাধুলা দীঘিনালা লক্ষ্মীছড়ি

কাওসার হোসাইন :

খাগড়াছড়িতে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শিরোপা জিতেছে দীঘিনালা রিপন স্মৃতি একাদশ। ২৮ অক্টোবর বুধবার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

ফাইনালের নির্ধারিত সময়ে দুই দলই গোলের জন্য একাধিক আক্রমণ চালালেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে লক্ষ্যে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে দীঘিনালা রিপন স্মৃতি একাদশ। লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ একাদশ রানার্সআপ হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়নশিপের আহ্বায়ক তুহিন কুমার দে-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, তরুণদের ব্যক্তিত্ব গঠন ও সুস্থ জীবনযাপনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই; পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা মোকাবিলায় পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের জন্য সুস্থ বিনোদন ও নিয়মিত ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলতে হবে।

খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বিকাশের পাশাপাশি বিভিন্ন উপজেলার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *