ক্যহলাচিং মারমা :
খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি সুদুঅং মেম্বারপাড়ার রত্মা বিমায় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার এ উপলক্ষে বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বিভিন্ন দান, ধর্মদেশনা ও আকাশপ্রদীপ উড্ডয়নসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী ও ভক্তরা অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রত্মা বিমায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চাইন্দাওয়েসা ভিক্ষু। তাঁর ধর্মদেশনায় বৌদ্ধধর্মের মৈত্রী, করুণা, ক্ষমা ও অহিংসার আদর্শ তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ডা. থুইলাউ মারমা, সাবেক সাধারণ সম্পাদক মিলন মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ পুণ্যার্থীরা।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। তিন মাসের বর্ষাবাস শেষে এ উৎসবের মধ্য দিয়ে ভিক্ষুসংঘের প্রবারণা সম্পন্ন হয়। এ দিন আত্মশুদ্ধি, ধর্মীয় অনুশাসন পালন, পারস্পরিক ক্ষমা এবং সব প্রাণীর সুখ-শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
ধর্মীয় এ আয়োজনকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের মিলনমেলা বসে। উৎসবে অংশগ্রহণকারীরা বুদ্ধের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
