সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি 🏛️ রাজনীতি

মো. জহুরুল আলম :

সাজেকে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজন এ কর্মসূচি পালন করেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য যানবাহন সমিতির সভাপতি আইয়ূশ চাকমা।

সমাবেশে যানবাহনসংশ্লিষ্ট নেতা জসিম উদ্দিন, উজ্জ্বল, মোহাম্মদ আসাদ মাসুম, ওমর ফারুক ও কুসুম বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।

একই সঙ্গে পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তাঁরা অবরোধ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *