মো. সোহেল রানা:
বয়ঃসন্ধিকালে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে খাগড়াছড়ির দীঘিনালায় জনসচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিনের দিকনির্দেশনায় এবং জোনের মেডিকেল অফিসার আরএমও সাইখউদ্দিন সাকলাইনের তত্ত্বাবধানে ক্লাসটি অনুষ্ঠিত হয়। এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।
ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং এ সময়ে সুস্থ থাকার প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ দেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও সাইখউদ্দিন সাকলাইন এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাহিদা নাজনীন।
আলোচনায় শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য জানা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এসএমসির সৌজন্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো, বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
