খাগড়াছড়িতে ৬৮ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়

খাগড়াছড়ি 🏛️ রাজনীতি

ছোটন বিশ্বাস :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৬৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও একটি উপলক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ওয়াদুদ ভূঁইয়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোর্তজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়ে জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা বলেন, উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। পাশাপাশি সব ধর্মের মানুষের পারস্পরিক সম্মান ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *