মো. সোহেল রানা :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেক এলাকায় তিনটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে নগদ অর্থ তুলে দেন।
সহায়তা পাওয়া তিনটি পূজামণ্ডপ হলো মাচালং শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম, বাঘাইহাট কৃষ্ণ মন্দির এবং করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দির। প্রতিটি পূজামণ্ডপের জন্য ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
পূজা উদযাপন কমিটির সভাপতিরা জানান, দুর্গাপূজার আয়োজনের সময় এই আর্থিক সহায়তা তাদের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় কিছুটা সহযোগিতা করবে। এজন্য তারা ৫৪ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে বিজিবি। এবারের সহায়তাও স্থানীয়ভাবে পূজা আয়োজনের ক্ষেত্রে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
