কাবাডিতে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ

খাগড়াছড়ি ⚽ খেলাধুলা 🎓 শিক্ষা

প্রতিনিধি: ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ফাইনালে এপি ব্যাটালিয়ন হাই স্কুলকে ৬৩-৪০ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং খাগড়াছড়ি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় খাগড়াছড়ির বিভিন্ন মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থাকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দল। প্রথম পর্বে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে ওঠে তারা।

সেমিফাইনালে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। এরপর উপজেলা ক্রীড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় এপি ব্যাটালিয়ন হাই স্কুল (খাগড়াছড়ি সদর) ও খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক রেইড এবং কার্যকর ট্যাকলের মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে টেকনিক্যাল স্কুল ও কলেজের খেলোয়াড়রা। একপর্যায়ে ব্যবধান বাড়তে থাকলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। শেষ পর্যন্ত ৬৩-৪০ পয়েন্টে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দলের খেলোয়াড় ও শারীরিক শিক্ষা প্রশিক্ষকদের অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *