
গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় খাল পুনঃখনন কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগ উঠেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। তবে সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।
সরকার ঘোষিত খাল পুনঃখনন কর্মসূচি ২০২৬ এর আওতায় গুইমারা উপজেলার তৈইমাতাই ও পিলাক খালের পুনঃখনন কাজ সম্প্রতি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি। উদ্বোধনের দুইদিন পরই খনন কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রকল্পের কাজ শুরুর পর থেকেই সংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। দাবিকৃত টাকা না দেওয়ায় ২১ মে গভীর রাতে খনন কাজে নিয়োজিত এস্কেভেটরে আগুন দেওয়া হয়। এতে যন্ত্রটি সম্পূর্ণ পুড়ে যায় এবং চলমান উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে হাফছড়ি এলাকার ইউপিডিএফ পোস্ট কমান্ডার দুর্জয় চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনার খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী ঘটনাস্থল পরিদর্শন করেন।
২২ মে বৃহস্পতিবার গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, উন্নয়ন প্রকল্পে নিয়োজিত শ্রমিক ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :