নাইক্ষ্যংছড়িতে ৩২ প্রতিষ্ঠানে ২২২ কেজি মাছের পোনা বিতরণ

অর্থনীতি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান

মোহাম্মদ ইউনুছ :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এসব পোনা বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে মোট ২২২ কেজি কার্পজাতীয় মাছের পোনা সরবরাহ করা হয়। পোনাগুলোর আকার ছিল প্রায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার।

পোনা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ বলেন, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। বিতরণ করা পোনাগুলো যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়গুলোতে পোনা মাছের সুষ্ঠু ব্যবস্থাপনা করা গেলে ভবিষ্যতে স্থানীয়ভাবে মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়তে পারে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণেও এ কার্যক্রম ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *