
প্রতিনিধি: খাগড়াছড়িতে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং প্রয়োজন হলে নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ার ফলে পাহাড়ধসের ঘটনা ঘটে, যা জানমাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে আগাম সতর্কতা হিসেবে এ ধরনের প্রচারণা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে যেসব পরিবার পাহাড়ের ঢাল বা পাদদেশে বসবাস করছেন, তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ভারী বৃষ্টিপাত শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, ঝুঁকিপূর্ণ স্থানে না থাকা এবং শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার তৎপরতা জোরদার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :