খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল-এপিবিএনের দাপট দুই বিভাগেই চ্যাম্পিয়ন


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৬:২১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল-এপিবিএনের দাপট দুই বিভাগেই চ্যাম্পিয়ন

 

প্রতিনিধি: খাগড়াছড়িতে তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। তিনি বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনালে বালিকা বিভাগে বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। অন্যদিকে বালক বিভাগেও একই দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
দুই বিভাগেই জমজমাট লড়াই উপহার দেয় ক্ষুদে খেলোয়াড়রা। বালিকা বিভাগে টাইব্রেকারে ৪-৩ গোলে বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়। একইভাবে বালক বিভাগেও টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ আনন্দ-উৎসবে পরিণত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্ট ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।