খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি ⚽ খেলাধুলা

নাঈমুল ইসলাম ভূঁইয়া : তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং পাহাড়ের সম্ভাবনাময় ফুটবল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট’।
৬ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফু কবির, পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্টেডিয়ামে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
উদ্বোধনী ম্যাচে পার্বত্য ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে নামে খাগড়াছড়ি স্পোর্টস একাডেমি। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। শেষ পর্যন্ত ২-১ গোলে খাগড়াছড়ি স্পোর্টস একাডেমিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় পার্বত্য ফুটবল একাডেমি।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করছে। জেলার বিভিন্ন এলাকার তরুণ ফুটবলাররা এতে অংশ নেওয়ায় টুর্নামেন্টটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করা সম্ভব। একই সঙ্গে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক পরিবেশে সম্পৃক্ত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
তারা আরও জানান, পাহাড়ি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে দক্ষ ফুটবলার উঠে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
টুর্নামেন্টকে ঘিরে খাগড়াছড়ির স্থানীয় ক্রীড়াঙ্গনেও উৎসাহ তৈরি হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভার সন্ধান পাওয়ার পাশাপাশি জেলার ফুটবলে আরও গতি আসবে বলে আশা করছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *