পানছড়িতে ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

⚽ খেলাধুলা খাগড়াছড়ি পানছড়ি

আরিফুল ইসলাম মহিন: খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পানছড়ি উপজেলা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দুপুর ৩টায় একতা এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. দিদারুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ও টুর্নামেন্টের প্রধান আয়োজক জুলফিকার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে লোগাং শান্তিনগর একাদশের মুখোমুখি হয় উল্টাছড়ি পাইয়ং কার্বারী পাড়া একাদশ। দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ও প্রাণবন্ত পারফরম্যান্সে পুরো মাঠে উৎসবের আবহ তৈরি হয়। ম্যাচ উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানিয়েছে, এবারের টুর্নামেন্টে মোট ৩৮টি দল অংশ নিচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী পর্যায়ক্রমে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি তৈরিতেও টুর্নামেন্টটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *