মো. ইসমাইল হোসেন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মাদরাসার সিনিয়র শিক্ষক মো. সাজেদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল হক এনাম।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং কোরআন-সুন্নাহর আলোকে আলোচনা করা হয়। এতে মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির ও মাওলানা মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।
এ ছাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা ও শিক্ষানুরাগী আবুল কাশেম ভূঁইয়া, গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন এবং অভিভাবক মো. খোকন মোল্লা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মাদরাসার সাতজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
