গুইমারায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা
প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে গুইমারা উপজেলা বিএনপি। ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে হাফছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সহসভাপতি আল মামুন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম. এন. আবছারসহ পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, জেলা পরিষদ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়; এটি জেলার সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিষ্ঠান। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করাই পরিষদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে জেলা পরিষদকে আরও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার স্বপ্নের খাগড়াছড়ি গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুইমারার আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, সুযোগ-সুবিধা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তারা।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
