প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বিকেল ৫টার দিকে গুইমারা সরকারি মডেল হাইস্কুল মাঠ থেকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা বিএনপির সহসভাপতি এস এম মিলন, আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মাহাবুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাংগঠনিক সম্পাদক শাহাবুব হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য মো. মোকলেছুর রহমান ও মো. তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
শোভাযাত্রা শেষে গুইমারা সরকারি মডেল হাইস্কুল অডিটোরিয়াম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
নানা আয়োজনে দিনটি পালনের মধ্য দিয়ে গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
